পাবনার চাটমোহরে বিপুল পরিমাণ সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর গ্রামে মহসীন আলীর বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। এ সময় ১১৪ বস্তা মজুতকৃত সার জব্দ করা হয়।
জানা গেছে, মহসীন আলী পার্শ্ববর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সারের ডিলার হিসেবে দীর্ঘদিন ধরে সার বিক্রি করে আসছিলেন। তবে তার বাড়ি চাটমোহর উপজেলার বৃ-রায়নগর গ্রামে। মহসীন আলী তার নিজ বাড়িতে বিপুল পরিমাণ সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছিল- এমন গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে তার বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ।
এ সময় ৮৪ বস্তা ডিএপি ও ৩০ বস্তা এমওপি মজুতকৃত সার জব্দ করা হয়। পরে জব্দকৃত সার খোলাবাজারে কৃষকদের মাঝে বিক্রি করা হয় এবং বিক্রিত ১ লাখ ১৮ হাজার টাকায় বিক্রি করা হয়। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈয়ব রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ জানান, অভিযান চালিয়ে মজুতকৃত সার জব্দ করা হয়েছে। বিক্রীত সারের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।
