ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিদ্যুতের ছেঁড়া তার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন তারা। এ ঘটনায় কিছুটা আহত হয়ে প্রাণে বেঁচে গেছেন তাদের বাবা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তারের ছেলে আব্দুর রহিম (৪০) ও রাকিব (৩০)। জানা গেছে, আলম বক্তার ও তার ছেলেরা দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন সকালে আলম বক্তার তার তিন ছেলেকে নিয়ে বোরহানউদ্দিনে তার শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান। সেখানে একটি ছেঁড়া বিদ্যুতের তার পড়ে থাকতে দেখে সেটি সরাতে যান আলম বক্তার। এ সময় তিনি বিদ্যুতায়িত হন।
বাবাকে বিদ্যুতের তার থেকে সরাতে নিচে থাকা এক ছেলে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে তাদের উদ্ধার করতে গাছ থেকে নিচে নেমে আসেন আরেক ছেলে। এ সময় একে একে দুই ভাই-ই বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই ভাইকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় তাদের বাবা আলম বক্তার কিছুটা আহত হয়ে জীবন রক্ষা পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
