হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বুধবার রাতে মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
গতকাল বিকালে মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তারা জানিয়েছেন, মঈন খানের অবস্থা কিছুটা সংকটাপন্ন। তার মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট চলছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে ড. আব্দুল মঈন খান বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানানো হয়েছে। ওদিকে গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল থেকে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলে। রক্তশূন্যতা হওয়ায় তাকে একাধিক ব্যাগ রক্ত দেয়া হয়। পরে বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে এয়ারলাইন্সে তাকে ঢাকায় আনা হয়।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন বলেন, মন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে বিএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা করা হবে। গতকাল দুপুরে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন— বিএনপি’র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, হাসপাতালের পরিচালকসহ চিকিৎসকরা। তিনি মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
