সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদি আরবগামী ও সৌদি আরব হয়ে চলাচলকারী ১৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ৬৭২ জন যাত্রী। গত ১০ই অক্টোবর থেকে এসব ফ্লাইট বাতিল হতে শুরু করে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৬২টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৩টি, সৌদিয়া এয়ারের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারের ১০টি রয়েছে। অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে। কাওছার মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এদিকে ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। সংশ্লিষ্ট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ওপর নির্ভর করছে এসব রুটে বিমান চলাচল পুনরায় স্বাভাবিক হওয়া।
