সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কিশোরী (১৮)। প্রেমিক আসিফ মাহমুদের (২১) সঙ্গে বিয়ে না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি। এ ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ওই কিশোরীকে এক নজর দেখতে ভিড় করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়া গ্রামের প্রেমিক আসিফ মাহমুদের বাড়িতে অনশন শুরু করেন ওই প্রেমিকা। তবে, এই অনশনের খবরে গা-ঢাকা দিয়েছেন প্রেমিক। কিশোরী সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী এলাকার মেয়ে। তারা একে- অপরের আপন খালাতো ভাই-বোন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকাল ৮ টার দিকে আসিফের বাড়িতে আসেন ওই কিশোরী। এরপর তিনি আসিফের ঘরে প্রবেশ করলেও তাকে পাইনি। পরে বাড়ির উঠানেই তিনি অবস্থান নেন। বিয়ের প্রলোভনে আসিফ তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ করেন তরুণী। ওই তরুণীর দাবি, তারা খালাতো ভাই-বোন হওয়ায় পরিচিত। সেই সুবাধে নিয়মিত দু’জনের ফেসবুকে কথা হয়। কিন্ত এক বছর আগে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আসিফ বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় গোপনে দেখা করেছে। আর এখন বিয়ের কথা বলায় বাড়ি থেকে পালিয়েছে। ও বিয়ে না করলে বাঁচবো না। এটাই আমার শেষ কথা। অভিযুক্ত প্রেমিক আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে, তার বাবা আবু হাশেম বলছেন, ছেলেকে বুঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বিয়ে করবেনা বলে বাড়ি ছেড়ে চলে গেছে। এ প্রসঙ্গে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, বিষয়টি মুঠোফোনে শুনেছি। তবে, এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
