সিএনজি’র গোপন কুঠুরিতে ২৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

সিএনজি’র গোপন কুঠুরিতে ২৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশার চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৭। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার বাসিন্দা সিএনজিচালক মো. সাকিব (১৯) ও জাহিদুল ইসলাম (২০)। সাকিব আ. গফুরের ছেলে এবং জাহিদুল সেলিম উল্যাহর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান আনোয়ারা হয়ে চট্টগ্রাম নগরে নেয়া হচ্ছে- এমন গোপন সংবাদে গত ২০শে সেপ্টেম্বর বেলা ১১টা ২০ মিনিটের দিকে অভিযান চালানো হয়। এ সময় উপজেলার সরকারহাট গরুর বাজার এলাকায় মেসার্স পেতান শাহ স্টোর অ্যান্ড সাপ্লায়ার্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি নম্বরবিহীন সিএনজিকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে সেখান থেকে ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দু’জনকে উদ্ধার করা ইয়াবা ও সিএনজি অটোরিকশাসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।