দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি

ফন্ট সাইজ:

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড হাইওয়ে পুলিশ বক্সের সামনে সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. খলিলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ।

এ ছাড়া কুমিল্লা জেলা ট্রাফিক বিভাগ দাউদকান্দি জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. ফারুক হোসেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন ১৯৯৩ সালের ২২শে অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর একই বছরের ১লা ডিসেম্বর ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা) সামাজিক আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। দীর্ঘদিন ধরে সংগঠনটি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৭ সালের ৫ই জুন সরকার ২২শে অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে ২০১৮ সাল থেকে প্রতি বছর দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে। তারা বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং দক্ষ ও প্রশিক্ষিত চালক নিশ্চিত করা জরুরি।