চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির একটি কক্ষে চলছে মতবিনিময় সভা। কেউ হাতের ইশারায় নিজের বক্তব্য তুলে ধরছেন, কেউ অঙ্গভঙ্গিতে তা বুঝিয়ে দিচ্ছেন। প্রচলিত শব্দের ব্যবহার নেই, তবে আলোচনা থেমে নেই। কেউ প্রার্থী, কেউ ভোটার। আসন্ন নির্বাচন ঘিরে ইশারা-ইঙ্গিতেই চলছে ভোটের প্রচারণা। বুধবার রাতে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম বধির সংঘের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ৩১শে অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় এ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন প্রার্থীরা। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বধির সংঘের সাবেক সেক্রেটারি সৈয়দ আবুল হাসনাত রাজা।
স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম মোস্তফা। মতবিনিময় সভায় প্রার্থীরা নিজেদের নির্বাচনী প্রতীকের পক্ষে ভোট চান। এ সময় তারা বলেন, সমাজে বধির ব্যক্তিদের অনেক সময় ভিন্নভাবে দেখা হয়। নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে। উল্লেখ্য, তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদের এ নির্বাচন। এতে দেশের ৩৬ জেলার ভোটাররা অংশ নেবেন। নির্বাচনে ভোট দিতে চট্টগ্রাম বধির সংঘের সদস্যরা বাসযোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সংগঠনটিতে বর্তমানে প্রায় ৩০০ সদস্য রয়েছেন, যারা এ নির্বাচনে ভোট দেবেন।
