শ্রীপুরে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই

শ্রীপুরে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি নির্মাণাধীন মসজিদসহ ২০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ঝুট ও তুলার গুদামসহ বিভিন্ন দোকানের মালামাল পুড়ে গেছে। গত বুধবার দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার সিঅ্যান্ডবি বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট কাজে যোগ দেয়। চারটি ইউনিটের চেষ্টায় সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। আগুনে ক্ষতিগ্রস্ত একটি স্যানিটারি দোকানের মালিক রফিক বলেন, পাশের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। তার ভাষ্য অনুযায়ী, আগুনে মসজিদসহ ২০টি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ইসলাম ভূঞা। তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত দোকানিদের ক্ষতিপূরণ দেয়ার চেষ্টা করা হবে।