ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকে চুরির সময় যুবক আটক

ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকে চুরির সময় যুবক আটক

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকে চুরির সময় হাতেনাতে কাউসার আহমেদ (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সোহাগী বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। আটক কাউসার বাজার সংলগ্ন এলাকার রতন মিয়ার ছেলে এবং পেশায় একজন স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি। ব্যাংকের দায়িত্বরত নিরাপত্তাকর্মী সাগর বলেন, রাত আনুমানিক ৩টার দিকে তিনি ভবনের নিচের কলাপসেবল গেটের তালা ভাঙা দেখতে পান। এরপর সতর্কতার সঙ্গে ভেতরে গিয়ে দেখেন এক যুবক ব্যাংকে প্রবেশের চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে সাগর চিৎকার দিলে বাজারের পাহারাদার ও স্থানীয় লোকজন ছুটে এসে কাউসারকে হাতেনাতে ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়। সোহাগী বাজার কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন রানা জানান, চোর ভেতরে ঢোকার আগেই ধরা পড়ায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি বা আর্থিক ক্ষতি হয়নি। ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও একজনকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।