‘বিগত ২০ বছর ধরে এই অঞ্চলের মানুষ চরম উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছেন। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বয়স মাত্র সাত মাস। এতদিনের জমে থাকা সমস্যা সমাধান করে উন্নয়ন পুরোপুরি দৃশ্যমান হতে কিছুটা সময়ের প্রয়োজন। তবে বগুড়ার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকারের সুস্পষ্ট ও সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে’। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এসব কথা বলেন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে দৈনিক বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’— শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তারা এ সময় উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র ও আড়াই হাজার বছরের সভ্যতার প্রাচীন স্মারক পুণ্ড্রনগরী বগুড়ার দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বগুড়াকে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে। বগুড়ার অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বগুড়া কৃষিতে অত্যন্ত উদ্বৃত্ত একটি জেলা। এখান থেকে প্রতি বছর প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার উদ্বৃত্ত খাদ্য জাতীয় অর্থনীতিতে যুক্ত হয়। অথচ এত বড় সম্ভাবনাময় জেলাকে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পেছনে ফেলে রাখা হয়েছিল। বর্তমান সরকার বগুড়াকে শিল্প, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও নগরায়ণের ক্ষেত্রে দেশের অন্যতম শীর্ষ ও আধুনিক অঞ্চলে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে পিছিয়ে পড়েছে। এই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটিয়ে বগুড়ার কাঙ্ক্ষিত ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ্ বগুড়াকে তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দেয়া হবে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরামের প্রশাসনিক ও পেশাদারি সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন— বগুড়া-৬ আসনের এমপি রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মুহিত তালুকদার, বিএনপি মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক ডা. মওদুদ ইসলাম আলমগীর পাভেল, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক আব্দুল মজিদ, বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কুদরত-ই-জাহান, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ প্রমুখ। টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ প্রমুখ।
