যে কারণে উচ্ছ্বসিত বিদ্যা বালান

যে কারণে উচ্ছ্বসিত বিদ্যা বালান

ফন্ট সাইজ:

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমার খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যা। চ্যালেঞ্জিং কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে আনন্দের সঙ্গে তা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, অভিনয়ের প্রতি তার আগ্রহ ও আকাঙ্ক্ষা এখনো প্রবল। কোনো প্রকল্প তাকে অনুপ্রাণিত করলে দ্বিতীয়বার না ভেবেই তাতে যুক্ত হতে প্রস্তুত তিনি। তবে ‘দ্য ডার্টি পিকচার টু’-তে তার অভিনয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ২০১১ সালের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ বিদ্যা বালানের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে। সিনেমাটিতে দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার আদলে নির্মিত ‘সিল্ক’ চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

মিলান লুথরিয়া পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। বিদ্যা জানিয়েছেন, সিল্কের গল্প ইতিমধ্যে শেষ হয়েছে। তাই নতুন কিস্তিতে ফিরতে হলে গল্পে ভিন্ন বিষয় তুলে ধরতে হবে। তাঁর মতে, এই ফ্র্যাঞ্চাইজিতে নতুন গল্প নির্মাণের অনেক সম্ভাবনা রয়েছে। একতা কাপুর যোগাযোগ করলে তিনি খুশি হবেন বলেও জানান অভিনেত্রী। প্রযোজক একতা কাপুর জানিয়েছেন, ‘দ্য ডার্টি পিকচার টু’-এর জন্য উপযুক্ত গল্প খুঁজে পেয়েছেন তিনি। তবে নতুন সিনেমার অভিনয়শিল্পী ও কাহিনি সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। ১৮ কোটি রুপি বাজেটে নির্মিত প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ১১৭ কোটি রুপি।