ফ্রান্স ও ইতালিতে প্রবাসী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি নয়াদিল্লির

ফ্রান্স ও ইতালিতে প্রবাসী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি নয়াদিল্লির

ফন্ট সাইজ:

ইউরোপের বিভিন্ন দেশে গণবিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফ্রান্স ও ইতালিতে থাকা প্রবাসী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্যারিসে রোমে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে জমায়েত এড়িয়ে চলতে হবে। যারা এর মধ্যে ফ্রান্স ও ইতালি যাওয়ার পরিকল্পনা করছেন, তাদেরও এই নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। প্যারিসের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে ফ্রান্সে আঞ্চলিক ভাবে কিছু কিছু জায়গায় কারফিউ জারি করা হয়েছে। দয়া করে সজাগ ও সতর্ক থাকুন। বড়সড় জমায়েত বা ভিড় এড়িয়ে চলুন। যে সমস্ত জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, সেখানে যাবেন না। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন।’’ এছাড়া, বিপদ এড়াতে সবসময় স্থানীয় ঘটনাবলির খবরাখবর রাখার পরামর্শও দেওয়া হয়েছে প্রবাসীদের। দূতাবাসের সঙ্গে যোগাযোগের নম্বর দিয়ে দেওয়া হয়েছে বুধবারের বিবৃতিতে। এর আগে ইতালিতে ভারতীয় দূতাবাসও সেখানকার প্রবাসীদের জন্য অনুরূপ নির্দেশিকা জারি করেছে। গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপের দেশগুলোতে নানা দাবির ভিত্তিতে বিক্ষোভ আন্দোলন চলছে। বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে জনগণ। প্রাথমিক ভাবে ছাত্রসমাজ পথে নামলেও ক্রমে তা বৃহত্তর আকার নিয়েছে। বিশেষ করে, ফ্রান্সে উন্নত পরিষেবার দাবিতে ছাত্রসমাজের বিক্ষোভ বিভিন্ন জায়গায় 'হিংসাত্মক' হয়ে উঠেছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, লুটপাট, সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটছে । পরিস্থিতি সামলাতে পুলিশ কারফিউ জারি করেছে। আটক করা হয়েছে বহু মানুষকে।