নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনার ১১ জন দগ্ধ হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বার্ন ইউনিট এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন—মো. জামাল (৩৬), মো. টিপু (৪৫), মো. ফয়সাল (২৫), বাবুল (৩৫), মোহাম্মদ শাহজাহান (৩০), শিবলু মিয়া (৪৫), পিয়াস (৩০), সুমন (৩০), সরাফ (৩০), ছাদেকুর (২৫) ও রাকিব (২৫)।
ঢামেক বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, নরসিংদীর মাধবদী থেকে দগ্ধ পাঁচজন এসেছেন। তাদের মধ্যে জামালের শরীরের ৬০ শতাংশ, টিপুর ৯০ শতাংশ, ফয়সালের ২৫ শতাংশ, বাবুলের ৮ শতাংশ ও শাজাহানের ৪ শতাংশ দগ্ধ হয়েছে।
টিপু ও জামালকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বাকিদের জরুরি বিভাগের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, নরসিংদী থেকে আমাদের এখানে ছয় জন এসেছেন। তাদের মধ্যে শিবলু মিয়ার শরীরের ১৩ শতাংশ, পিয়াসের ৩ শতাংশ, সুমনের ৪ শতাংশ, সরাফের ২০ শতাংশ, ছাদেকুরের ১৫ শতাংশ ও রাকিবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, সরাফ ও ছাদেকুরকে ভর্তি করা হয়েছে। শিবলু মিয়া ও রাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পিয়াস ও সুমনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।
