মাগুরায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

মাগুরায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

ফন্ট সাইজ:

মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর পাঁচটায় মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত শাকের মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামের বেপারীপাড়া এলাকার বাসিন্দা ও মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, বুধবার ভোরে ডিউটিরত অবস্থায় দু’জন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে সেখানে আসে। এ সময় একজন বাইরে মোটরসাইকেলে অপেক্ষা করতে থাকে। অপরজন ভিতরে প্রবেশ করে তাকে গুলি করে পালিয়ে যায়। নিহতের মামা রানা মোল্লা জানান, আমার ভাগ্নে ভোর পাঁচটার পর তার নিজ কাউন্টারে অবস্থান করছিল। এ সময় বাইরে থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে প্রকৃত আসামিকে খুঁজে আইনের আওতায় আনা হোক। এদিকে, শাকেরের মৃত্যুতে মাগুরা বাস টার্মিনালের কাউন্টার মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন রাস্তা অবরোধ ও কাউন্টার বন্ধ করে দেয়। সকাল ৭টা থেকে মাগুরা টার্মিনালের মাগুরা-ফরিদপুর সড়ক, ঢাকা রোড ও ভায়না এলাকায় মাগুরা-যশোর সড়ক অবরোধ করে। এ সময় তারা খুনিদের বের করে আইনের আওতায় আনার দাবি করেন প্রশাসনের কাছে। এ ঘটনায় মাগুরা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি পুলিশ, গোয়েন্দা পুলিশ, সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।

এদিকে নিহতের মরদেহ স্থানীয় মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মইনুল ইসলাম মাথায় গুলিবিদ্ধ অবস্থায় শনাক্ত করে। মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের গোয়েন্দা বিভাগ, সিআইডিসহ একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। এদিকে ঘটনার পর, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় উত্তেজিত না হয়ে মোটর শ্রমিক ও এলাকাবাসীকে শান্ত থাকার পরামর্শ দেন তিনি। তিনি জানান, পুলিশকে শাকেরের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে।