ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি

ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি

ফন্ট সাইজ:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো। এ ছাড়া, গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই সাতজনের মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৩২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১, খুলনা বিভাগে ১৫৫, ময়মনসিংহ বিভাগে ৪৫, রাজশাহী বিভাগে ১১১ ও রংপুর বিভাগে ২৮ ও সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৭৮ জন মারা গেছেন। এ ছাড়া, উল্লিখিত সময়ে খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুরে ৭ জন ও সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।