চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। এ ঘটনায় ট্রাকচালক মো. রুহুল আমিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি। বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার কিছু পরে গোপন সংবাদে ডিবি-দক্ষিণের একটি দল জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালি হয়ে সাগরিকার দিকে যাওয়া হচ্ছে।
পরে ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে ৪৩৮ ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে চেকপোস্ট বসানো হয়। রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে সন্দেহভাজন ট্রাকটি সেখানে পৌঁছালে পুলিশ সেটি আটক করে। এ সময় ট্রাকচালক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে রুহুল ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন চেম্বারে ইয়াবা রাখার কথা জানান। পরে তার দেখানো জায়গা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রুহুল পাবনার আতাইকুলা এলাকার মৃত সোহরাব আলীর ছেলে। এ ঘটনায় রুহুলের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
