সীতাকুণ্ডে তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৯ বছর বয়সী এক হিন্দু তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজার থেকে ওই তরুণীকে অটোরিকশায় তুলে জাফরনগর স্কুলের পাশে নিয়ে যায়। সেখানে তার মুখ গামছা দিয়ে বেঁধে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা মনি রানী সীতাকুণ্ড মডেল থানায় তিনজনকে আসামি করে এজাহার দিয়েছেন। অভিযুক্তরা হলোÑ সঞ্জয় কুমার ঘোষ (৩৮), আলাউদ্দীন (৩৯) ও রহিম উদ্দিন (২৬)। তাদের মধ্যে সঞ্জয় কুমার ঘোষ ও আলাউদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মামলার দুই আসামিকে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান গতকাল গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।