নেত্রকোণায় সাংবাদিক হত্যায় আরও একজন গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গণ (২১) নামে সন্দেহভাজন আরও একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ময়মনসিংহ এসআরবি-১৪’র একটি দল মঙ্গলবার আনুমানিক রাত পৌনে ১২টায় জেলার দুর্গাপুর পৌর শহরের শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪) এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় সন্দেহভজন প্রাঙ্গণকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার বিকালে গ্রেপ্তার আশিকুর রহমান প্রাঙ্গণকে ৭ দিনের রিমান্ড চেয়ে নেত্রকোণার সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত-২ এ পাঠালে বিচারিক আদালত তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। আব্দুল মোমিন কোর্ট ইন্সপেক্টর-২ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় গত শনিবার রাতে সাজিবুল ইসলাম অপূর্ব (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে ৫ দিনের রিমান্ড আদেশ দেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে সাংবাদিক আলিফ ফকিরকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।