দেবিদ্বারে গ্যাসের সিলিন্ডারের আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন

ফন্ট সাইজ:

কুমিল্লার দেবিদ্বারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে দেবিদ্বার পৌরসভার ৭নং ওয়ার্ডের বিজুলীপাঞ্জার গ্রামের কৃষক মো. হোসেন মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্র, ছাগল, হাঁস- মোরগসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়।
জানা যায়, রাতের রান্না শেষ করার পর চুলার আগুন নেভানো হলেও গ্যাস সিলিন্ডারের মূল সংযোগটি (রেগুলেটর) বন্ধ করা হয়নি। ফলে দীর্ঘক্ষণ ধরে সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে পুরো রান্নাঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে রাতে অন্য প্রয়োজনে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে পুনরায় চুলা ধরাতে গেলে মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

হঠাৎ ছড়িয়ে পড়া আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র, খাদ্যশস্য ও মূল্যবান জিনিসপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গোয়াল ঘরে ও হাঁস-মুরগির খোঁয়াড়ে থাকা গর্ভবতী ১টি ছাগলসহ ২ টি ছাগল, প্রায় ২০ টি হাস-মুরগি পুড়ে ছাই হয়ে যায়। সরজমিন গিয়ে দেখা যায়, অগ্নিকাণ্ডের পর ওই কৃষকের মাথা গোঁজার ঠাঁইটুকু সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ওই কৃষকের ঘরে থাকা প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর নিঃস্ব হয়ে পড়া কৃষক হোসেন মিয়ার পরিবার এখন দিশাহারা। এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক অশোক বিক্রম চাকমা বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি শুলনেছেন। ঘটনাস্থল পরিদর্শনে যাবেন এবং আর্থিক সহায়তা দানেরও আশ্বাস দেন।