রংপুরে ২৬ মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী রাজীব হোসেন সুমন ওরফে মেরিল সুমন (৩৬)কে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার নগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়। মেরিল সুমন নগরীর শালবন শাহীপাড়া এলাকার আবু হানিফের ছেলে। তার বিরুদ্ধে রংপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যাচেষ্টা ও মারামারি মামলা ৮টি, চাঁদাবাজির ৪টি, ডাকাতি প্রস্তুতির ৩টি, অস্ত্র মামলা ৬টি, হত্যা মামলা ১টি, অপহরণ মামলা ১টি, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ১টি, মাদক মামলা ১টি এবং দ্রুত বিচার আইনে ১টি মামলা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি’র সহকারী পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান।
তিনি জানান, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিও বাজার থেকে মেরিল সুমনকে গ্রেপ্তার করে। ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যায় জড়িত থাকার অভিযোগে মেরিল সুমনকে চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্রসহ তৎকালীন র্যাব-৫ কর্তৃক গ্রেপ্তার করে। ২০১৯ সালে রংপুর নগরীর তাজহাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, রিভলবার, গুলি, শুটার গান, চাইনিজ কুড়ালসহ তাকে তৎকালীন র্যাব-১৩ কর্তৃক গ্রেপ্তার করে। ২০২৩ সালে নগরীর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে পিস্তল ও ইয়াবাসহ রংপুর মেট্রোপলিটন পুলিশ মেরিল সুমনকে গ্রেপ্তার করে। সর্বশেষ চলতি বছরের জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ওপর হামলা, নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনার অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা যৌথ অভিযানে ঠাকুরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেরিল সুমন রংপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে অপরাধ জগতে সক্রিয় আছে। তার বিরুদ্ধে নিজস্ব বাহিনী দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি ও বালুমহল নিয়ন্ত্রণ করে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
এসআরবি’র সহকারী পরিচালক মুহম্মদ মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্যে এসআরবি-১৩ কার্যালয়ে নেয়া হয়েছে। তার অবৈধ অস্ত্রের সন্ধান, সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে এসআরবি’র গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ ছাড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেরিল সুমনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
