বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান, অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

বগুড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়ার ঘটনায় রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে গাবতলী উপজেলার কামারচট্ট এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাদিয়াদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ গাবতলী উপজেলা শাখার সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গতকাল মঙ্গলবার বিকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে এক যুবক লুঙ্গি পরা অবস্থায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। এ সময় সে নিজেকে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দিয়ে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যায়। ঘটনাটির একটি ভিডিও মঙ্গলবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ ভিডিও ও ছবি দেখে ওই যুবকের পরিচয় শনাক্ত করে এবং গভীর রাতে তার বাড়িতে অভিযান চালায়।

ওসি রাকিব হোসেন জানান, গ্রেপ্তারের সময় রাদিয়াদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, রাদিয়াদের বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে অন্তত চারটি মামলা রয়েছে। এর মধ্যে দু’টি মামলায় ইতিমধ্যে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে এবং অন্য দু’টি মামলায় সে সন্দেহভাজন আসামি। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে সে কারাবাসও করেছিল।

গ্রেপ্তারের পর গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।