শার্শায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি, এলাকায় আতঙ্ক

শার্শায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি, এলাকায় আতঙ্ক

ফন্ট সাইজ:

যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে শরীফুল ইসলাম (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা ওসি শামিনুল হক। এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার ডিহি ইউনিয়নের সাড়াতলা বাজারে এ ঘটনা ঘটে। যা নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার দিন রাতেই ভুক্তভোগী বিপুল বিশ্বাস বাদী হয়ে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্ত শরীফুল উপজেলার ডিহি ইউনিয়নের ফুলসাড়া গ্রামের ইউসুফের ছেলে। ভুক্তভোগী বিপুল বিশ্বাস একই ইউনিয়নের বিশ্বাসবাড়ী এলাকার সামসুর বিশ্বাসের ছেলে। জিডি সূত্রে জানা যায়, সমপ্রতি একটি সালিশকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে শরীফুল বিপুলকে মারধর করেন।

এর পর থেকে তিনি বিপুলের এক চাচাতো ভাইয়ের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। এসব বিষয় নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত মঙ্গলবার বিকেলে শাড়াতলা বাজারে শত শত সাধারণ মানুষের উপস্থিতিতে হঠাৎ শরীফুল উপস্থিত হয়ে বিপুলের সামনে পিস্তল প্রদর্শন করেন এবং তাকে হত্যার হুমকি দেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত শরীফুল ও শাওন নামের দু’জন মোটরসাইকেলে চড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বিপুল।

তিনি বলেন, এ ঘটনায় আমি এবং পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। স্থানীয়দের অভিযোগ, জনসম্মুখে বাজার এলাকায় এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শরীফুলকে গ্রেপ্তারের দাবি জানান তারা। শার্শা থানার ওসি শামিনুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।