তিন ঘণ্টা বিলম্বে পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে যাত্রীদের বিক্ষোভ

তিন ঘণ্টা বিলম্বে পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে যাত্রীদের বিক্ষোভ

ফন্ট সাইজ:

সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে না যাওয়ায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ যাত্রীরা। এ সময় স্টেশন ম্যানেজারের কক্ষ ঘেরাও করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সকাল ১০টা ৫০ মিনিট থেকে ১০টা ৫৭ মিনিটের মধ্যে ট্রেনটি স্টেশন ছেড়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্য, সিলেটগামী আন্তঃনগর ৭১৯ আপ পাহাড়িকা এক্সপ্রেসের চট্টগ্রাম স্টেশন ছাড়ার নির্ধারিত সময় ছিল সকাল ৭টা ৫০ মিনিট। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও ট্রেনটি ছেড়ে না যাওয়ায় যাত্রীরা স্টেশন ম্যানেজারের কক্ষে গিয়ে বিষয়টি জানতে চান। এ সময় সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ার অভিযোগ তুলে তারা বিক্ষোভ শুরু করেন।

বিক্ষুব্ধ কয়েকজন যাত্রীর দাবি, তাদের বিক্ষোভের খবর পেয়ে স্টেশন ম্যানেজার কক্ষ থেকে সরে যান। সংকটের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাকে সামনে না পেয়ে তাদের ক্ষোভ আরও বেড়ে যায়। পরে স্টেশনের কয়েকটি কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক বলেন, সিগন্যালিংয়ের একটি সমস্যার কারণে সকাল থেকে কয়েকটি ট্রেন দেরিতে এসেছে এবং ছেড়ে গেছে। এতে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন। তিনি আরও বলেন, ট্রেন দেরি হওয়ায় যারা এক গন্তব্যে গিয়ে সেখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য সংযোগকারী ট্রেন ধরবেন, তারা বিপদে পড়েছেন। তাই তাদের ক্ষোভ প্রকাশ করাটা স্বাভাবিক। পাহাড়িকা এক্সপ্রেসও দেরিতে এসেছে। সেখানে আমাদের কিছু করার নেই।