গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮

গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর ইউনিয়নের মাঝাটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে ২ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। আহতরা হলেন, মোবারকপুর ইউনিয়নের আব্দুস সামাদ (৪৫), একই এলাকার আব্দুস সামাদ (৩৫), আব্দুল মকিম (৩৮), নাদিম হোসেন (৩২), জামাল আলী (৪০), খড়কপুর গ্রামের কান্তু আলী (৪০), গোলাম মোস্তফা (৫৫)।

এছাড়া অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে সামাদ ও মুকিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হক হায়দারী জানান, মাঝাটোলা গ্রামে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে কয়েকজন আহত হন। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি। উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে। পরে খাদে পড়ে থাকা ভটভটি উদ্ধার করা হয়েছে।