নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: প্রতিমন্ত্রী

নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। তিনি বলেছেন, অসামপ্রদায়িক বাংলাদেশে প্রত্যেকে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করবেন-এটাই সরকারের প্রত্যাশা। গত মঙ্গলবার নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিকাল ৫টা থেকে দিবাগত রাত সোয়া ১টা পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখেন তিনি। এ সময় পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেয়ার পাশাপাশি পূজারী, আয়োজক কমিটি ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন। ধর্মীয় সমপ্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদ্‌যাপনের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বর্তমান সরকার সব সময় সবার পাশে রয়েছে।

দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান পুতুল। পরিদর্শনকালে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর সার্বজনীন মন্দির, বাগাতিপাড়া পৌরসভা সার্বজনীন দুর্গামন্দির, গালিমপুর সার্বজনীন দুর্গামন্দির ও জামনগর সার্বজনীন দুর্গামন্দিরসহ বিভিন্ন মন্দিরে যান প্রতিমন্ত্রী। এছাড়া বুধপাড়ার ঐতিহ্যবাহী কালীমাতা মন্দির পরিদর্শনের পাশাপাশি মন্দিরের অফিস উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম, লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপি’র সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র নজরুল ইসলাম মোলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।