ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য ব্যক্তিকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সবাইকে অনুরোধ করবো—আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট দেয়ার চেষ্টা করবেন। আর যেখানে যে নির্বাচন আসবে, আমি আমার দলের লোকের কথাই বলবো এবং তাকে জয়ী করার জন্য সবাই একযোগে কাজ করবো। দলীয় লোক নির্বাচিত হলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। বুধবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকায় পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খাদ্যমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে আপনারা আমাদের পাশে ছিলেন, আশাকরি আগামীতেও থাকবেন। আমরাও সবসময় আপনাদের পাশে আছি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। দুর্গাপূজায় খোঁজখবর নিতে তিনি নিজে বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন। তারই নির্দেশনায় আমরাও আপনাদের দ্বারে দ্বারে ও মন্দিরে মন্দিরে ছুটে বেড়াচ্ছি। রাজনীতিতে তৃণমূল নেতাকর্মীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, দুঃসময়ে যখন পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যায়নি, তখন আজকের এই নেতাকর্মীরাই আমার পাশে এসে দাঁড়িয়েছিল। যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে আপনারা বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছেন, তা পূরণ করাই আমাদের মূল দায়িত্ব। আমরা দল-মত নির্বিশেষে দেশের জন্য একসঙ্গে কাজ করে যাচ্ছি। বিজয়া দশমীর দিন খাদ্যমন্ত্রী সিংগাইর, হরিরামপুর ও শিবালয় উপজেলার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সফরসঙ্গী হিসেবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
