সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মহৎ মানবিক দায়িত্ব

সিলেটে রেড ক্রিসেন্ট চেয়ারম্যান

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মহৎ মানবিক দায়িত্ব

ফন্ট সাইজ:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেছেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি মহৎ মানবিক দায়িত্ব। সমাজের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। সাধারণ মানুষ যেন সহজেই চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সেক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুধবার এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম বলেন, মানুষের কল্যাণে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। তিনি এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার এ উদ্যোগকে স্বাগত জানান। এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি মাহবুব আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ তাহমিদ সুবহান বাবু। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি তারেক আহমদ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মনসুর আহমদ লস্কর, হাবিবুর রহমান, বশীর লস্কর ও এডভোকেট আবুল ফজল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন ও মো. কামরুজ্জামান দিপু।