স্বামীর মৃত্যুর ২৫ বছরেও মেলেনি বিধবা ভাতার কার্ড

স্বামীর মৃত্যুর ২৫ বছরেও মেলেনি বিধবা ভাতার কার্ড

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্বামীর মৃত্যুর ২৫ বছর পেরিয়ে গেলেও সরকারি বিধবা ভাতার কার্ড পাননি মোছা. রহিমা খাতুন (৬৪)। বয়সের ভার, নানা রোগব্যাধি ও আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন তিনি। রহিমা শায়েস্তাগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুল নুরের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন নানা প্রতিকূলতার মধ্যদিয়ে জীবন কাটিয়েছেন তিনি। বর্তমানে মাথাগোঁজার মতো নিজস্ব ভিটা ছাড়া উল্লেখযোগ্য কোনো সম্পদ নেই তার।

আক্ষেপ করে রহিমা বলেন, স্বামী মারা যাওয়ার ২৫ বছর পার হয়ে গেছে। অথচ আজও একটি বিধবা ভাতার কার্ড পাইনি। কার্ড করে দেয়ার কথা বলে কয়েকবার এনআইডি ও ছবি নেয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আমি অসুস্থ, আগের মতো চলাফেরা করতে পারি না। ভাতাটুকু পেলে অন্তত ওষুধ কিনে খেতে পারতাম। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই। পৌরসভা ও সমাজসেবা কার্যালয়ে খোঁজখবর নিয়ে গুরুত্বসহকারে দেখছি। উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা শাকিফ ইশমামা চৌধুরী জানান, বিধবা ভাতার আবেদন প্রক্রিয়া অনলাইনভিত্তিক। পৌরসভা কর্তৃপক্ষ ও যাচাই বাছাই কমিটির সদস্যরা আবেদন যাচাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।