খুলনায় পরিত্যক্ত ভবন থেকে যুবতীর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

খুলনা মহানগরীর সিঅ্যান্ডবি কলোনির একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতনামা এক যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, সিঅ্যান্ডবি কলোনির ৬তলা বিশিষ্ট একটি পরিত্যক্ত ভবনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। পরবর্তীতে পাশের আরেকটি পরিত্যক্ত ৬ তলা ভবনের দ্বিতীয় তলার রান্নাঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে এটি প্রায় ১৫ দিন আগের। মরদেহের পাশে পড়ে থাকা স্যান্ডেল দেখে নিহতের বয়স আনুমানিক যুবতী বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। বুধবার দুপুরে লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মর্গে রাখা হয়েছে।