বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দেয়ার আশ্বাসে নেতাকর্মীদের কাছ থেকে টাকা ও খাসি নেয়ার অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপি’র আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে দ্বিতীয়বারের মতো সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক আবুল হাসেম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দলীয় সূত্র ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মেঘনা উপজেলার বিভিন্ন পর্যায়ের কমিটিতে পদ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে নেতাকর্মীদের কাছ থেকে অর্থ ও অন্যান্য সুবিধা নেয়ার অভিযোগ ওঠে রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর দলীয় মহলে সমালোচনা তৈরি হয়।
এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক আবুল হাশেম বলেন, পদ পাইয়ে দেয়ার কথা বলে আর্থিক সুবিধা নেয়ার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ায় তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে ২০২৪ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে বহিষ্কার করেছিল বিএনপি। পরে ক্ষমা চেয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন করেন তিনি। সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হওয়ার শর্তে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এদিকে রমিজকে সাময়িক বহিষ্কারের পর মেঘনা উপজেলা বিএনপি’র আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে সংগঠনটির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সীকে। অদুদ মুন্সী বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবো।
