থানায় ঢুকে পুলিশকে পেটানোর ঘটনায় যুবক গ্রেপ্তার

থানায় ঢুকে পুলিশকে পেটানোর ঘটনায় যুবক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

জয়পুরহাটের কালাই থানায় ঢুকে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আসলাম হোসেন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। হামলার পর থানা চত্বর থেকে পালিয়ে যাওয়ার পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে জয়পুরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানা চত্বরের ভেতরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আসলাম হোসেন উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে। থানার মতো গুরুত্বপূর্ণ স্থানে ঢুকে পুলিশ সদস্যদের ওপর হামলা এবং হামলার পর অভিযুক্তের পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিক পুলিশ সদস্য উপস্থিত থাকার পরও কীভাবে একজন যুবক তাদের ওপর হামলা চালিয়ে পালিয়ে গেলেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা।

জানা যায়, দুর্গাপূজার দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছিলেন কালাই থানার পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানায় প্রবেশ করেন আসলাম। পুলিশ সদস্যরা তার পরিচয় জানতে চাইলে তিনি কনস্টেবল মো. মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে বাটাম দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে আটকানোর চেষ্টা করলে অন্য দুই পুলিশ সদস্যদের ওপরও হামলা চালান তিনি। একপর্যায়ে থানা চত্বর থেকে দৌড়ে পালিয়ে যান আসলাম। ঘটনার পর আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে আসলামকে গ্রেপ্তার করে। থানার ভেতরে পুলিশ সদস্যদের ওপর হামলার পাশাপাশি অভিযুক্তের পালিয়ে যাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। স্থানীয় এক বাসিন্দা আব্দুল কাইয়ুম বলেন, থানা হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনগত সহায়তা পাওয়ার জায়গা। সেখানে ঢুকে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। থানায় একাধিক পুলিশ সদস্য থাকার পরও একজন যুবক কীভাবে হামলা চালিয়ে পালিয়ে গেলেন, সেটিও খতিয়ে দেখা দরকার।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, থানায় ঢুকে এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। পরে অভিযান চালিয়ে আসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।