বিদ্যুতের খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কা, মা-মেয়ে নিহত

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এতে মা-মেয়েসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আনোয়ারা বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুজি আক্তার (৬০) ও তার মেয়ে মোসাম্মৎ নাজমা খাতুন (৪২)। আহতদের মধ্যে নাজমা খাতুনের স্বামী আসলাম হোসেন রয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুজি আক্তার ও নাজমা খাতুনকে মৃত ঘোষণা করেন। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিল্টন জানান, নিহত নাজমা খাতুনের শ্বশুরের কবর জিয়ারত করতে মাইক্রোবাসটি ঢাকার মোহাম্মদপুর থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।