নড়াইলের কালিয়ায় ফেসবুক পেজ ও অনলাইন অ্যাপের মাধ্যমে বিভিন্ন পণ্যের ভুয়া বিজ্ঞাপন এবং অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ১০ জন পলাতক আসামির নাম-ঠিকানা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দু’টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। বুধবার পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় উপজেলার পেড়লি ইউনিয়নের খড়ড়িয়া পোলের বাজার এলাকায় অভিযান চালিয়ে মুসাব্বির শেখের ছেলে সজল শেখ ও আব্দুর রব কাজী ছেলে মো. হেলাল উদ্দিন কাজীকে গ্রেপ্তার করা হয়। তারা ওই এলাকার খড়ড়িয়া পূর্বপাড়ার বাসিন্দা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের নিকট থেকে জব্দকৃত স্মার্ট ফোন উদ্ধারপূর্বক চক্রটি ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে কম দামে বিভিন্ন পণ্য সরবরাহের প্রতিশ্রুতি এবং অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নিতো। জব্দকৃত মোবাইলে পাঁচটি অনলাইন প্রতারণার মাধ্যমে উইন্টার গ্যালারি বিডি অর্থাৎ দামি কম্বল, ‘পদ্মার টাটকা ইলিশ’, ‘কলম প্যাকেজিং জব’, ‘শামীম ইলেকট্রনিক ‘রাজ ইলেকট্রনিক অর্থাৎ ফ্যানসহ অন্যান্য ইলেকট্রনিক ‘ইউন্টার গ্যালারি বিডি’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ পরিচালনার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হেলাল উদ্দিন কাজী বিকাশ এজেন্ট হিসেবে প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ ক্যাশ আউট করতে সহযোগিতা করতেন বলে অভিযোগ রয়েছে। এক্ষেত্রে প্রচলিত চার্জের চেয়ে বেশি অর্থ নেয়ার অভিযোগও উঠেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দু’টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ ঘটনায় সাইবার অপরাধের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া আরও ১০ জন পলাতক আসামির নাম-ঠিকানা পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
