চট্টগ্রামে চালককে অচেতন করে ১৬ লাখ টাকার চিনি লুট, উধাও কাভার্ডভ্যান

ফন্ট সাইজ:

চট্টগ্রামের পটিয়ায় চালককে অচেতন করে ১৩ টন চিনিসহ একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাই হওয়া চিনির আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা। বুধবার ভোররাতে উপজেলার মনসা বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। উদ্ধার হওয়া চালকের নাম আলমগীর (৪৫)। তিনি চাঁদপুরের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। বুধবার সকাল ৯টার দিকে আবুল কালাম নামে এক কাভার্ডভ্যানচালক তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আবুল কালাম জানান, সড়কের পাশে আলমগীরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি হাসপাতালে নিয়ে যান। তখন তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চালানোর সুবাদে আলমগীরের সঙ্গে তার পরিচয় ছিল। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামা জানান, অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে চেতনানাশক কোনো পদার্থ প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগতে পারে। ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটির মালিক জাহিদ ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী জাকির হোসেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে গাড়িটি মইজ্যারটেক এলাকায় ছিল। ওই সময় চালক গাড়ির কিছু যান্ত্রিক ত্রুটির কথা তাকে জানিয়েছিলেন। পরদিন সকাল ৯টার দিকে চালককে অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পান তিনি। জাকির হোসেনের ভাষ্য অনুযায়ী, মেঘনা কোম্পানির চিনি নিয়ে কাভার্ডভ্যানটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে নগরের নাসিরাবাদ এলাকায় একটি প্রতিষ্ঠানে ১৩ টন চিনি সরবরাহ করা হয়। এরপর আরও ১৫ টন চিনি নিয়ে পটিয়ার দিকে যাচ্ছিল গাড়িটি। তবে পরবর্তী সময়ে ১৩ টন চিনিসহ কাভার্ডভ্যানটি ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কীভাবে চালককে অচেতন করা হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কাভার্ডভ্যানটি কোথায় নেয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনার খবর পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।