নেত্রকোণায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

নেত্রকোণায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

ফন্ট সাইজ:

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গোবিন্দপুর পাকা সড়ক থেকে বড়ইউন্দ বাজারের গনাই নদী ও রেকার হাওরের ঈসারবাড়ি খালের সংযোগ স্থলের কাঁচা সড়কটির প্রায় ২০০ ফুট অংশ বন্যার পানিতে ভেঙে গেছে। এতে ১০-১২টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এবার পূজার ছুটিতে বাড়িতে আসা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে এই ভেঙে যাওয়া সড়কটির প্রায় ২ কিলোমিটার সংস্কার করেছেন স্থানীয় যাত্রাবাড়ী গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য কেফায়েত হোসেন কাঞ্চন। দীর্ঘদিন ধরে ভাঙা এই সড়কের কারণে বিশেষ করে রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে মারাত্মক বিপাকে পড়তে হতো। কর্দমাক্ত সড়কে চাকা আটকে গিয়ে রোগীর মৃত্যু ও বিভিন্ন সময় ছোট ছোট গাড়ি উল্টে গিয়ে অনেকের আহত হওয়ার ঘটনা ঘটেছে এ সড়কে। তরুণদের সঙ্গে নিয়ে সড়কটি সংস্কার ও মাটি ভরাটের মাধ্যমে আপাতত সাময়িক সমাধান ও চলাচলে স্বস্তি ফিরেছে। স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীরা কাঞ্চনের সার্বিক সহযোগিতা ও যুবকদের নিঃস্বার্থ উদ্যোগের প্রশংসা করেছেন।

বড়ইউন্দ বাজারের ব্যবসায়ী লিটন মিয়া, স্থানীয় বাসিন্দা মোহন ও রিকশাচালক রুকন মিয়া বলেন, আমাদের সড়কটি কয়েকটি গ্রামের মানুষের প্রধান চলাচলের সড়ক। বহুদিন ধরে সড়কটির বিভিন্ন জায়গায় ভাঙা এবং এ বছর বন্যায় আরও ভেঙে গেছে কিন্তু কোনো জনপ্রতিনিধি সড়কটি সংস্কার করেনি। কাঞ্চনের উদ্যোগে আমাদের এলাকার তরুণদের নিয়ে স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করেছে যা এলাকার মানুষের চলাচলের দুর্ভোগ অনেকটা নিরসন করবে। সড়ক সংস্কার নিয়ে কেফায়েত হোসেন কাঞ্চন বলেন, আমাদের এই কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় আমি ও আমার এলাকার তরুণদের সঙ্গে নিয়ে নিজ খরচে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। আমাদের এলাকার রাস্তাঘাটের উন্নয়নের উদ্যোগ আমাদেরকেই নিতে হবে ও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সরকারি সহায়তায় সড়কটি দ্রুত টেকসইভাবে সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়ে স্থানীয় এমপি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।