নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, নগদ টাকা ও মালামাল লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে হামলার শিকার হন ব্যবসায়ী শাহীন আলমের মা রেহানা খাতুন (৫৫)। তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বুধবার দুপুরে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ব্যবসায়ী শাহীন আলম। তিনি জানান, ঘটনার দিনই ১৭ জনের নাম উল্লেখ করে লালপুর থানায় মামলা করেছেন তিনি। তবে ঘটনার ১৭ দিন পার হলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি তার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীন বলেন, বেরিলাবাড়ী গ্রামের বাসিন্দা তার চাচা ফারুক হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে।
এর জেরে গত ৪ঠা অক্টোবর ফারুক ও মহিবুর আলী প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় লালপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শাহীন। শাহীনের অভিযোগ, এর কয়েকদিন পর গত ৮ই অক্টোবর সকালে তিনি ও তার পরিবারের সদস্যরা একটি মামলায় আদালতে হাজিরা দিতে বাড়ির বাইরে গেলে প্রতিপক্ষের লোকজন বেরিলাবাড়ী জামতলা মোড়ে অবস্থিত তার ব্যবসাপ্রতিষ্ঠান ‘মেসার্স জামতলা স্টোর’ ও বাড়িতে হামলা চালায়। এ সময় দোকান ও বাড়িতে ভাঙচুর করে প্রায় তিন লাখ টাকার ক্ষতি করা হয়। হামলাকারীরা বাড়ির বাক্স ও দোকানের ক্যাশ থেকে নগদ ১৬ লাখ ৭০ হাজার টাকা এবং দুটি স্মার্টফোন নিয়ে যায়।
এ সময় তার মা রেহানা খাতুন বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। তিনি বলেন, ঘটনার পর মামলা করা হলেও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ অবস্থায় প্রশাসনের কাছে নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শাহীন। অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
