ধর্মীয় পরিচয়ের কারণে কেউ অসহায় বোধ করবেন না: স্পিকার

ধর্মীয় পরিচয়ের কারণে কেউ অসহায় বোধ করবেন না: স্পিকার

ফন্ট সাইজ:

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, ধর্মীয় পরিচয়ের কারণে কারও মধ্যে ভয়, অনিশ্চয়তা কিংবা অসহায়ত্ববোধ থাকা উচিত নয়। বাংলাদেশের হিন্দুরাও এ দেশের নাগরিক। দেশের সব নাগরিকের সমান অধিকার রয়েছে। তাই নিজেদের কখনো অসহায় ভাববেন না। মঙ্গলবার রাতে ভোলার লালমোহন উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ বলেন, লালমোহনে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। ধর্মীয় উৎসবগুলো সবার মধ্যে আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়। একে অপরের পাশে দাঁড়ানো এবং বিপদে সহযোগিতা করার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, আপনারা সবাই আমাকে সমানভাবে সম্মান করেন, শ্রদ্ধা করেন- এটাই আমার পরম পাওয়া। একজন ব্যক্তি হিসেবে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই আমি সংসদ সদস্য, মন্ত্রী ও স্পিকার হতে পেরেছি। দল, মত ও ধর্মের পার্থক্য ভুলে মানুষের কল্যাণে কাজ করাই জনপ্রতিনিধিদের দায়িত্ব। এ সময় মন্দির ও শ্মশানের উন্নয়নে ৯ লাখ টাকা বরাদ্দ দেন স্পিকার। এর আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্পিকার তার ব্যক্তিগত তহবিল থেকে লালমোহন উপজেলার বিভিন্ন মন্দিরের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি নীরব কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, ওসি মো. নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপি’র সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপি’র সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।