আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা বা প্রতীক না রাখার সিদ্ধান্তকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের বহিঃপ্রকাশ ও দূরদর্শী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে কিংবা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজের নির্বাচনী এলাকা বরিশাল-১ আসনের শতাধিক দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে বিএনপি’র নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে স্বপন বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে আমাদের কীভাবে কাজ করতে হবে।
এরপরেও যদি দলের ভেতর থেকে কেউ মুনাফেকি বা বিশৃঙ্খলা সৃষ্টি করেন, দল তাকে কখনোই ক্ষমা করবে না। প্রতিটি ইউনিয়নের সব ধরনের তথ্য দলের উচ্চপর্যায়ের কাছে সংরক্ষিত রয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, মনে রাখবেন, আগামী নির্বাচনে দল কেবল জনগণের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিদেরই সমর্থন দেবে। দলের শৃঙ্খলাবিরোধী কোনো কাজের জন্য সংগঠন ক্ষতিগ্রস্ত হলে, অভিযুক্ত ব্যক্তি যত বড় নেতাই হোন না কেন-তাকে দলবিরোধী হিসেবে গণ্য করে কঠোর শাস্তি দেয়া হবে। সব নেতাকর্মীর নির্বাচনী তৎপরতা দল সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে তিনি স্থানীয় সরকার নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভায় দুই উপজেলার পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও তার সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম এবং সদস্য সচিব মোল্লা বসির আহমেদ পান্নাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
