প্রকৃতিপ্রেমী তরুণের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকৃতিপ্রেমী তরুণের ব্যতিক্রমী উদ্যোগ

ফন্ট সাইজ:

গাছের প্রতি ভালোবাসা থেকে শুরু, আর সেই ভালোবাসা থেকেই সবুজে ঘেরা জনপদ গড়ার স্বপ্ন। নিজের উদ্যোগে গ্রামের বিভিন্ন সড়কের পাশে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা সোহেল ফকির। ইতিমধ্যে ধোবাউড়া স্টেডিয়ামের সামনের সড়কসহ দু’টি সড়কে প্রায় ৬০০টি গাছ রোপণ করেছেন তিনি। তার এই উদ্যোগে ফুটে উঠেছে প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা। সরজমিন দেখা যায়, ধোবাউড়া স্টেডিয়ামের সামনের সড়কটির দু’পাশে দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে। উদ্যোক্তা সোহেল নিজেই প্রতিদিন গাছগুলোর পরিচর্যা করছেন। তার এই উদ্যোগ সড়কের পাশে বৃক্ষরোপণের পাশাপাশি অপরূপ সৌন্দর্যের উঁকি দিচ্ছে। ধোবাউড়ার আশেপাশে অন্যান্য রাস্থায়ও গাছ রোপণের প্রস্তুতি নিচ্ছেন সোহেল।

পরিবেশ, প্রকৃতি রক্ষায় তার এই ব্যতিক্রমী উদ্যোগ সাধারণ মানুষের প্রশংসা কুড়াচ্ছেন। স্থানীয় বাসিন্দা শামীম মিয়া বলেন, পরিকল্পিত পরিচর্যা নিশ্চিত করা গেলে আজকের ছোট চারাগুলোই একদিন হয়ে উঠতে পারে ছায়া ও সৌন্দর্যের আশ্রয়। এ ব্যাপারে সোহেল বলেন, আমার লাগানো ৬০০টি গাছের প্রতিটি চারা যেন একেকটি স্বপ্ন এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার স্বপ্ন। চারাগুলো বেঁচে থেকে বেড়ে উঠলে আমার এই প্রচেষ্টা ভবিষ্যতে ধোবাউড়ার পরিবেশ ও সৌন্দর্যে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।