পাবনা ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আমদানিকৃত ইউরেনিয়ামের দ্বিতীয় চালান কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্যদিয়ে প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। বুধবার সকাল ১০টার দিকে চালানটি প্রকল্প চত্বরে প্রবেশ করে। এর আগে গত ২রা অক্টোবর রাতে বিশেষ কার্গো উড়োজাহাজে করে রাশিয়া থেকে ভারত হয়ে চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে সেখান থেকে তিন স্তর নিরাপত্তা বলয়ের মধ্যে সড়কপথে তা রূপপুরে নিয়ে আসা হয়। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ই অক্টোবর রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে সফলভাবে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। এর তিন দিন আগে, অর্থাৎ ৮ই অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটের কার্যক্রম পরবর্তী ধাপে এগিয়ে নেয়ার চূড়ান্ত ছাড়পত্র দেয়। সর্বাধুনিক তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ প্রযুক্তির চুল্লি দিয়ে সাজানো হয়েছে এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী নভেম্বরের শেষ নাগাদ জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বা নিয়মিত বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্য সামনে রেখে জোরেশোরে কাজ চলছে।
রূপপুরে কঠোর নিরাপত্তায় পৌঁছালো ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
