সিলেটে পুলিশের পোশাকে পূজামণ্ডপে গান পরিবেশনের ঘটনায় পুলিশের এক সহকারী সাব-ইন্সপেক্টরকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্বাক্ষরিত এক আদেশে ওই পুলিশ সদস্যকে থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। ক্লোজ হওয়া এএসআই উদয়ন ফারুক। তিনি সিলেটের জালালাবাদ থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়- সোমবার রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন জালালাবাদ থানার এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে পূজামণ্ডপে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরেই গান পরিবেশন করেন তিনি।
তার গান গাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে ক্লোজ করে থানা থেকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। জালালাবাদ থানার ওসি মোহাম্মদ শামসুল হাবিব জানিয়েছেন- সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এ নিয়ে তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
