খুলনার তেরখাদায় এক নারীকে গণ-ধর্ষণের অভিযোগে তিন জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে খুলনার তেরখাদা উপজেলার মধুপুর শ্যামনগরের পুরাতন প্রাথমিক বিদ্যালয়ে এই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার যুবতী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছে। এ ঘটনায় পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া যুবকরা হলো- তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), একই গ্রামের মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) ও আশরাফ শরীফের ছেলে শাহাজাহান শরীফ (৩৮)। গ্রেপ্তারকৃত যুবকরা নদীতে মাছ শিকার করে। খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক সত্যতা নিশ্চিত করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভিকটিম খুলনা নদী পার হয়ে দিঘলিয়া যাওয়ার জন্য তেরখাদা উপজেলার ৬নং মধুপুর ইউনিয়নের বেলেঘাটে অপেক্ষা করছিল।
এ সময়ে জেলেরা তাকে নদী পার করে দেয়ার কথা বললে সে নৌকায় ওঠে। জেলেরা নৌকা দিঘলিয়ার দিকে না নিয়ে উপজেলার মধুপুর শ্যামনগর পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ উল্লিখিত তিনজনকে গ্রেপ্তার করে। খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
