ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য অটুট রেখে বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, হানাহানি ও হিংসা-বিদ্বেষ পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির প্রেরণা জোগাতে হবে। মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এদিন মন্ত্রী শহরের শাপলাবাগ এলাকার স্বরলিপি সংঘের পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি ও রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান-আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসেবে আমাদের যে সম্প্রীতি, তা যেন আরও অটুট থাকে। সিলেট বিভাগের ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে। হানাহানি, হিংসা-বিদ্বেষ পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির প্রেরণা জোগাতে হবে। সবার আগে বাংলাদেশ।” এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
