খুলনায় হানিট্র্যাপে ঢাকার ব্যবসায়ী দুই নারীসহ গ্রেপ্তার ৬

খুলনায় হানিট্র্যাপে ঢাকার ব্যবসায়ী দুই নারীসহ গ্রেপ্তার ৬

ফন্ট সাইজ:

খুলনায় হানিট্র্যাপের শিকার আলতাফ হোসেন নামে এক রিয়েল স্টেট ব্যবসায়ীকে ধরে নিয়ে টাকা, মোবাইল ছিনতাই ও ব্যাংক চেক বইয়ে স্বাক্ষর নেয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় আটক ৬ জনকে আসামি এবং গ্রেপ্তার দেখানো হয়েছে। হানিট্র্যাপের শিকার ব্যবসায়ী আলতাফ হোসেনকে গত সোমবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা দ্বিতীয় আবাসিক এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে। প্রতারণার শিকার ব্যক্তি ঢাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা হলো- রেখা, অমিত হাসান রবিন, শেখ মনির টুটুল, শেখ আকাশ, রাকিবুল হাওলাদার ও আঞ্জুমান আরা বেগম। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রিয়েল স্টেট ব্যবসায়ী আলতাফ হোসেনের একটি প্রজেক্ট খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় চলমান আছে।

ওই এলাকায় তার একটি জমি বিক্রি করে দেয়ার কথা বলে প্রতারকরা রিয়েল স্টেট ব্যবসায়ীকে রাতে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩ নম্বর রোডের ২৭৭ নম্বর বাড়ির ই-২ ফ্ল্যাটে ডেকে নেয়। এরপর তাকে বিবস্ত্র করে মারধর করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ব্যবসায়ী আলতাফ হোসেনকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীকে জিম্মি করে প্রতারক চক্র নগদ ১ লাখ টাকা, তার মোবাইল ফোন ও একটি চেকে স্বাক্ষর করিয়ে নেয়। পুলিশ ১ লাখ টাকার মধ্যে ৫৭ হাজার টাকা, মোবাইল ফোন ও স্বাক্ষর করা খালি চেকটি উদ্ধার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী আলতাফ হোসেন বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আটক ওই ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।