দিলারা জামানের সঙ্গে বৃষ্টি-প্রান্ত

দিলারা জামানের সঙ্গে বৃষ্টি-প্রান্ত

ফন্ট সাইজ:

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে এর আগে এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এবারই প্রথম এই প্রজন্মের আরেক তরুণ অভিনেতা আবিদ বিন প্রান্ত দিলারা জামানের সঙ্গে প্রথম কোনো নাটকে অভিনয়ের সুযোগ পেলেন। নাটকের নাম ‘দাদীর আদর’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম শিশির। তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অসুস্থতার আগেই তিনি এই নাটকে অভিনয় করেন এবং এটা তার এখন পর্যন্ত অভিনীত সর্বশেষ নাটক। প্রান্ত জানান, নাটকটি আগামীকালই ইউটিউবে প্রচারে আসবে। দিলারা জামান বলেন, অভিনয় জীবনে বহুবার দাদীর চরিত্রে অভিনয় করেছি। আর এই ‘দাদীর আদর’ নাটকটি চলতি বছরের শুরুর দিকে করা। বৃষ্টি তো খুব লক্ষ্মী একটি মেয়ে। ভীষণ ভালো অভিনয় করে। মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় ভীষণ খারাপ লেগেছে, কষ্ট পেয়েছি। এখন আবার শুনছি সে অনেকটাই সুস্থ হয়ে উঠছে। আল্লাহর কাছে দোয়া করি বৃষ্টি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।

প্রান্ত নামের নতুন ছেলেটিও খুব সুন্দর অভিনয় করেছে। তানিয়া বৃষ্টি বলেন, শ্রদ্ধেয় দিলারা জামান আন্টি আমাদের অভিনয় অঙ্গনের বটবৃক্ষ। তার সঙ্গে যতবারই নাটকে অভিনয় করেছি তার আদর-স্নেহ ভালোবাসায় সিক্ত হয়েছি। তিনি অভিনয়ের পাঠশালা, আমাদের পথপ্রদর্শক। ‘দাদীর আদর’ নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। প্রান্ত বলেন, মূলত এই নাটকে আমারই দাদীর চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান আন্টি। আর তানিয়া বৃষ্টির সঙ্গে এটা ছিল আমার তার অসুস্থ হওয়ার আগে সর্বশেষ কাজ। আমি নাটকটি নিয়ে দারুণ আশাবাদী।