কক্সবাজারের চকরিয়ায় নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবেশী ফরিজা বেগমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিড়ালটির মালিক সামছুল আলম। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, সামছুল আলম দীর্ঘদিন ধরে বিড়ালটিকে লালন-পালন করে আসছিলেন। সোমবার সকালে তিনি নিজের পালিত ছাগল বাড়ির পেছনের একটি খালি জায়গায় চারণের জন্য নিয়ে গেলে বিড়ালটিও তার পেছনে যায়। এ সময় প্রতিবেশী ফরিজা বেগমের পোষা কুকুরটি বিড়ালকে কামড় দেয়ার চেষ্টা করে। সামছুল আলম কুকুরটিকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফরিজা বেগম লাঠি নিয়ে এসে বিড়ালটিকে এলোপাতাড়ি পেটায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে বিড়ালটি মারা যায়।
ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বিড়ালের মালিক সামছুল আলম বলেন, শুধু একটা বিড়াল না, ও আমার পরিবারের একজন সদস্যের মতো ছিল। কোনো অপরাধ ছাড়াই ওকে নিষ্ঠুরভাবে মেরে ফেলা হলো। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, যাতে ভবিষ্যতে কেউ অবলা প্রাণীর ওপর এমন অত্যাচার করার সাহস না পায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বিড়াল হত্যার বিষয়ে তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
