বারবারার চমকপ্রদ প্রত্যাবর্তন

বারবারার চমকপ্রদ প্রত্যাবর্তন

ফন্ট সাইজ:

মা হওয়ার মাত্র ছয় সপ্তাহের মাথায় ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোতে অংশ নিয়ে আলোচনায় এসেছেন সুপার মডেল বারবারা পালভিন। র‌্যাম্পে তার উপস্থিতির পাশাপাশি স্ত্রীকে উৎসাহ দিতে দর্শকসারিতে স্বামী ডিলান স্প্রাউসের উচ্ছ্বাসও নজর কেড়েছে। গত ৭ই সেপ্টেম্বর কন্যাসন্তান সিলভির জন্মের পর এটিই ছিল বারবারার উল্লেখযোগ্য ফ্যাশন দুনিয়ায় প্রত্যাবর্তন। তিনি জানান, আবারো র‌্যাম্পে ফিরতে পেরে তিনি ভীষণ কৃতজ্ঞ। এ সময় মা-বাবা, পরিবার ও বন্ধুদের সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি। শোর শুরুতে হালকা গোলাপি রংয়ের স্বচ্ছ কাপড়ে তৈরি মিনি ড্রেস পরে র‌্যাম্পে হাঁটেন বারবারা।

অসমান নকশার পোশাকটির সঙ্গে ছিল নজরকাড়া হুপ কানের দুল। খোলা চুল ও হালকা সাজে তাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল। র‌্যাম্পে হাঁটার একপর্যায়ে গায়িকা মেগান মরোনির দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেন এই মডেল। দর্শকসারিতে বসে থাকা ডিলান তখন উঠে দাঁড়িয়ে মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। হাততালি দিয়ে স্ত্রীকে উৎসাহ দিতেও দেখা যায় তাকে। পরে সাদা অলংকারখচিত করসেট, লম্বা স্বচ্ছ ট্রেন ও তুষারকণার আদলে তৈরি ডানা পরে আবারো র‌্যাম্পে হাজির হন বারবারা। ছয় সপ্তাহ পর কাজে ফেরার প্রসঙ্গে বারবারা বলেন, মাতৃত্বকালীন ছুটির সময়সীমার মধ্যেই তিনি ফিরেছেন। তার এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের আগ্রহের পাশাপাশি স্বামীর ভালোবাসাপূর্ণ সমর্থনও আলোচনায় এসেছে।