নালিতাবাড়ীতে টাকা নেয়ার অভিযোগ, খোঁজ নেই অপারেটরের

ফন্ট সাইজ:

শেরপুরের নালিতাবাড়ী ভূমি অফিসে ডিএলআরএমএস (উখজগঝ) প্রকল্পের কম্পিউটার অপারেটর নূর মোহাম্মদের বিরুদ্ধে বিভিন্ন ভূমিসংক্রান্ত কাজ করে দেয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, তার বিরুদ্ধে প্রায় ১০ লাখ টাকা নেয়ার অভিযোগ রয়েছে। পরে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও অভিযোগকারীরা জানিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালে উপজেলা ভূমি অফিসে প্রকল্পের আওতায় কাজ শুরু করেন নূর মোহাম্মদ। দুই বছর মেয়াদি প্রকল্পটির মেয়াদ ২০১৮ সালে শেষ হলেও তিনি দীর্ঘদিন অফিসে অবস্থান করেন বলে অভিযোগ রয়েছে। মরিচপুরান ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেনের অভিযোগ, জমির খারিজ করে দেয়ার কথা বলে তার কাছ থেকে ১০ হাজার টাকা নেয়া হয়েছে।

অন্যদিকে, চান মিয়া নামের আরেক ব্যক্তির কাছ থেকে ৫৯ হাজার টাকা নেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা এসব অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে নূর মোহাম্মদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর জানতে পারেন, প্রকল্পটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। অফিসে কর্মচারী সংকট থাকায় শুরুতে নূর মোহাম্মদকে সরানো হয়নি।

পরে তার কার্যক্রম নিয়ে সন্দেহ দেখা দেয়ায় তাকে অফিস ছাড়তে বলা হয়। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে মানুষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগের কথা জানতে পারেন। যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি বলে জানান তিনি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের দায়িত্ব নির্ধারণে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।