এবারের দুর্গাপূজায় নতুন দুই গান নিয়ে হাজির হচ্ছেন দেশের বিশিষ্ট সংগীতশিল্পী উত্তম কুমার রায়। গান দু’টির শিরোনাম ‘জয় দুগ্গা মা’ ও ‘ ভুল করেছি’। গান দু’টি সম্পর্কে এ গায়ক বলেন, প্রথম গানটি বিশিষ্ট সংগীতজ্ঞ শহীদুজ্জামান স্বপনের লেখা ও সুর করা। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। দ্বিতীয় গানটির কথা ও সুর শিল্পীর নিজের। এটি দুর্গা দেবীকে নিয়ে লেখা। এর সংগীতায়োজন করেছেন ও বাঁশি বাজিয়েছেন শিল্পী জাবিউল ইসলাম। গান দু’টি মিউজিক ভিডিওসহ দুর্গাপূজায় মুক্তি পাবে উত্তমের নিজের ইউটিউব চ্যানেলে। উত্তমের সংগীতের সফর অনেকদিনের।
ছেলেবেলা থেকেই গান করেন তিনি। গানের তালিম, গানে গানে বেড়ে ওঠার শুরু স্কুল থেকে বিশ্ববিদ্যালয় জীবনে। সবখানেই সংগীতশিল্পী হিসেবে জুটেছে সম্মান আর পুরস্কার। উত্তমের পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিষয় সমাজবিজ্ঞান। নজরুল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমায় প্রথম শ্রেণি প্রাপ্ত ও সরকারি এই প্রতিষ্ঠানটির নজরুলের প্রশিক্ষক হিসেবে সার্টিফিকেটধারী। এ ছাড়া রবীন্দ্রভারতী থেকে বিমিউজ সম্পন্ন করেছেন। তালিম নিয়েছেন বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান সব সংগীতজ্ঞের কাছে। এখন নিজেও গান শেখান। উত্তম একটি বেসরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক।
গণমাধ্যমকর্মী হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন। উত্তম বিটিভিসহ প্রায় সব বেসরকারি টিভি চ্যানলে লাইভসহ রেকর্ডেড নানা ধারার গানের অনুষ্ঠান করে নাম কুড়িয়েছেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে মূলত নজরুলসংগীত ও আধুনিক গান করেন উত্তম। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সুরকার ও সংগীত পরিচালকও। মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশ এমসিএসবি’র সদস্য। নজরুল সংগীতশিল্পী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।
